আইইবি নির্বাচনে দেশজুড়ে ভোট চলছে

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১০:২০  
দেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক (২০২০-২১ মেয়াদের) নির্বাচনে চলছে ভোট গ্রহণ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারা দেশে আইইবি’র ১৮টি কেন্দ্র, ৩২টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে আওয়ামী লীগের দুটি প্যানেল এবং বিএনপির একটি প্যানেলে ত্রিমুখি লড়াইয়ে উত্তেজনা বিরাজ করছে। আইইবি সদর দফতরে ১০টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী, ২৭টি কেন্দ্রীয় কাউন্সিল মেম্বার পদের জন্য ১৮০ জন, ৭টি বিভাগীয় কমিটির ৮৮টি পদের বিপরীতে ১৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি ঢাকা কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ৯জন এবং ৩০টি লোকল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইঞ্জিনিয়ার্স রিক্রেশন সেন্টার, ঢাকায় ১২টি পদের বিপরীতে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ১৪ জন এবং ৮টি লোকল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইঞ্জিনিয়ার্স রিক্রেশন সেন্টার, চট্টগ্রামে ৮টি পদের বিপরীতে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি খুলনা কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ৬ জন এবং ১৯টি লোকল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি রাজশাহী কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ১০ জন এবং ২১টি লোকল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮,৮০৮ জন।